দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: রাজনীতি

NRC ইস্যুতে সুর চড়াচ্ছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল

Published: 2025-07-27 13:58:43
NRC ইস্যুতে সুর চড়াচ্ছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল

আলিপুরদুয়ার: বাংলার বাসিন্দাদের অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস ইসুতে সুর চড়াচ্ছে জেলা তৃণমূল সুত্রের খবরে প্রকাশ। শনিবার জেলার অসম-বাংলা সীমানার পাকরিগুড়িতে অসম থেকে আসা নোটিসের প্রতিবাদে বিক্ষোভ সভা করেছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভ সভায় রাজ্য সভার সাংসদ তথা জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বরাইক ও অন্যান্য জেলা নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অঞ্জলি শীলকে অসম সরকারের সমন পাঠানোর প্রতিবাদে ২৯ জুলাই মঙ্গলবার জটেশ্বরে মহামিছিলের ডাক দিয়েছে তৃণমূল।

সূত্রের খবর, এদিন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ২৯ জুলাই বিকেল ৪ টায় জটেশ্বরে মহামিছিল ও প্রতিবাদ সভা হবে। সেই মিছিল ও সভায় অঞ্জলি শীলকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস। তিনি বলেন, "জেলা কমিটির বৈঠকে ঠিক হয়েছে ২৯ জুলাই মঙ্গলবার বিকেল চারটায় জটেশ্বরে মহামিছিল ও

প্রতিবাদ সভা করা হবে। ওই কর্মসূচিতে জেলা তৃণমূলের নেতারা উপস্থিত থাকবেন। এই মিছিল ও সভাতে আমরা অঞ্জলি শীলকেও আমন্ত্রণ জানাব। তিনি এলে ভাল হবে।" ২৯ জুলাইয়ের পর থেকে গোটা আগস্ট মাস জুড়ে জেলা জুড়ে বিভিন্ন ব্লক ও অঞ্চলেও বাঙালিদের হয়রানি-হেনস্তার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করবে জেলা তৃণমূল।

যদিও জটেশ্বরের মহামিছিল ও প্রতিবাদ সভা প্রসঙ্গে জটেশ্বরের অঞ্জলি শীল বলেন, "আমি কোনও রাজনীতি করি না। রাজনীতিতে যুক্ত হতে চাই না।" অঞ্জলিদেবীকে বিজেপি ভুল বুঝিয়েছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। সুত্রের খবর, বিষয়টি নিয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, "তৃণমূল এই সব করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। যাঁর নামে নোটিস এসেছে, তিনি অসমে গিয়ে এই নোটিসের সত্যতা যাচাই করবেন। যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন। আসলে তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে চাইছে। তাদের সেই চেষ্টা সফল হবে না।" নিচের লিংকে দেওয়া ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও

সৌজন্যে: নিউজ মিডিয়া

Back to News